সাম্য-সত্য ও সুন্দরের সাধকপুরুষ সুকান্ত ভট্টাচার্য

১
একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে সুকান্তের জন্ম (১৯২৬) ও বেড়ে ওঠা। তার পিতা নিবারণ ভট্টাচার্যের প্রকাশনা ব্যবসা ছিল। স্বারস্বত লাইব্রেরিটি তার পিতা নিজেই পরিচালনা করতেন। বাড়িতে ‘সংস্কৃত সাহিত্য চক্র’ শিরোনামে একটি সাংস্কৃতিক সংগঠন ছিল। এই সাহিত্য আসরকে কেন্দ্র করে সুকান্তের শিশুমনে সাহিত্যের বিকাশ ও বিস্তার ঘটেছিল। ফলে নয় থেকে দশ বছর বয়সেই সুকান্ত ছড়া লেখা শুরু করেছিলেন। স্থানীয় কমলা বিদ্যামন্দির নামক প্রাথমিক বিদ্যালয়ে তার বিদ্যার হাতে খড়ি ঘটে এবং এই বিদ্যালয়ে বন্ধুদের সহায়তা নিয়ে ‘সঞ্চয়’ শিরোনামে হাতে লেখা একটি দেয়াল পত্রিকা প্রকাশ করেন। পরবর্তীতে বেলেঘাটা দেশবন্ধু উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ার সময় ‘সপ্তমিকা’ শিরোনামে তিনি আরো একটি দেয়াল পত্রিকা প্রকাশ করেন। স্কুলে পড়ার সময় থেকেই সুকান্ত কলকাতা রেডিওতে শিশুকিশোর অনুষ্ঠানে অংশ নিতেন এবং একাধিক কিশোর সংগঠনের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন।
২
অল্পবয়সে ছাত্রজীবনেই সুকান্ত মার্কসবাদ-লেনিনবাদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তাই সমাজতান্ত্রিক রাজনীতির ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ (দেশবন্ধু উচ্চবিদ্যালয়) তাকে স্কুল ছাড়তে বাধ্য করে। পরবর্তীতে অন্য একটি স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করলেও ম্যালেরিয়ার কারণে সুকান্ত পাস করতে পারেননি। এখানেই তার বিদ্যায়তনিক পড়ালেখার বিচ্ছেদ ঘটে যায়। পড়ালেখার সমাপ্তি ঘটলেও কবিতা লেখা, আবৃত্তি, গান, অভিনয়, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাকার খেলাধুলার পাশিাপাশি আর্ত মানবতার সেবাশ্রুষুষার সঙ্গে সুকান্ত নিজেকে নিবেদন করেন। ‘ধ্রুব’ নামক নাটকের নাম ভূমিকায় তিনি অভিনয়ও করেছিলেন।
৩
তেতাল্লিশের (১৯৪৩) ভয়ঙ্কর দুর্যোগ ও দুর্ভিক্ষের সময় প্রায় তিরিশি লক্ষ মানুষ না খেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে। এসময় সুকান্ত কিশোর সংগঠনের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে কাজের সঙ্গে নিজেকে সংযুক্ত করেন। শ্রমিক আন্দোলন, বৃটিশ বিরোধী আন্দোলনসহ নানা আন্দোলন, নানা সংগ্রামের সঙ্গে সুকান্ত নিজেকে সম্পৃক্ত করেন। নিয়ম অনুযায়ী আঠার বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বপর্যন্ত কমিউনিস্ট পার্টিতে কাউকে সদস্যপদ দেওয়া হতো না। কিন্তু প্রান্তসমাজ ও দলিত সম্প্রদায়ের প্রতি তার নিবেদন দেখে আঠার বছরের আগেই সুকান্তকে কমিউনিস্ট পার্টির সদস্যপদে বরণ করে নেওয়া হয়। কমিউনিস্ট পার্টির ‘স্বাধীনতা’ শিরোনামে একটি পত্রিকা ছিল। পত্রিকাটির কিশোর বিভাগ সুকান্ত সম্পাদনা করতেন। ‘আকাল’ নামে একটি কবিতাগ্রন্থও তিনি সম্পাদনা করেন।
৪
কবিতা, গল্প, প্রবন্ধনিবন্ধ কিংবা সম্পাদনার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে পার্টির কাজ করতেন। এমনকি খেয়ে, না খেয়ে সুকান্ত পার্টির কাজ করতেন। এমনকি পশ্চিমবাংলা থেকে পূর্ববাংলাতেও পার্টির কাজে সম্মেলনে অংশ নিতেন। সুকান্তের জীবনীকার রাখাল ভট্টাচার্য ‘সুকান্ত বিচিত্র’ গ্রন্থে লিখছেন—একবার পার্টির কাজে সুকান্ত চট্টগ্রামে আসেন। তার পকেটে পার্টির দশটি টাকা ছিল। দুদিন না খেয়ে থাকলেও পার্টির টাকা তিনি খরচ করেননি। যতদিন বেঁচেছিলেন ততদিন সুকান্ত এই পার্টির প্রতি একজন নিবেদিতপ্রাণপুরুষ হিসেবে কাজ করে গেছেন।
৫
যে বয়সে প্রেমে পড়ার কথা, যে বয়সে প্রেমের কবিতা লেখার কথা, সেই বয়সে মানুষের দুঃখ-দুর্দশা দেখে সুকান্তের মনটা কেঁদে উঠতো। তিনি মানুষের মুক্তির জন্য কবিতা লিখতেন; তিনি মানুষের ভেতরের মানুষটিকে জাগিয়ে তোলার চেষ্টা করতেন। কবিতাকে তিনি প্রতিবাদের ভাষা বানিয়েছিলেন, প্রতিরোধের ভাষা বানিয়েছিলেন। কবিতার মধ্য দিয়ে অসহায়, উৎপীড়িত ও ভুখা মানুষকে প্রতিবাদের মিছিলে আসার আহবান জানিয়েছিলেন। কবিতার মধ্য দিয়ে তিনি মহাজন, মজুদদার, জোতদার ও মুনাফাখোর কালোবাজারির বিরুদ্ধে রাগে রুদ্ররুপ ধারণ করেছিলেন। অনেকটা নজরুল কিংবা সুভাষের মতোই তিনি কবিতায় বিদ্রোহে-বিপ্লবে ফেটে পড়েছিলেন। তরুণদের প্রতি তার দারুণ আস্থা ছিল। তরুণরাই পৃথিবীটকে পাল্টে দিতে পারে বলে তিনি বিশ্বাস করতেন। তিনি নিজেও একজন তরুণ ছিলেন। তারুণ্যের শক্তিকে একটি জায়গায় সংগঠিত দেখতে চাইতেন।
৬
তারুণ্যের ভেতরের সাহস ও শক্তিকে তিনি চিনতে পেরেছিলেন। তাদের ত্যাগ ও তিতীক্ষাকে তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন। এই সমাজ ও সংস্কৃতিকে ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করতেন। তরুণদের মন ও মননের ভাষা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তরুণদের জন্য তিনি জায়গা ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন; নেতৃত্ব ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন। কেবল জায়গা কিংবা নেতৃত্ব ছেড়ে দেওয়াই নয়—তরুণরা যাতে পরিশুদ্ধভাবে ফাংশন করতে পারে, তরুণদের সামনের বাঁধাবিঘ্ন ও ময়লা-আবর্জনা সরিয়ে এই বিশ্বকে তিনি শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন। সুকান্তের মতো করে আর কোন কবি নবজাতকের কাছে এমন অঙ্গীকার করে যায়নি। এমনকি রবীন্দ্র-নজরুলও নয়; তিরিশের পঞ্চপাণ্ডও নয়।
৭
তরুণ প্রজন্মের দুভার্গ্য—এতো অফুরন্ত, এতো অদম্য শক্তি ও সাহস থাকা সত্ত্বেও বিধাতা তাকে খুব বেশি সময় ও সুযোগ দেয়নি। অল্পবয়সেই রোগে-শোকে-দুঃখে সুকান্ত একসময় দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে। পার্টিই তার চিকিৎসার দায়ভার গ্রহণ করে। কিন্তু পরীক্ষানিরীক্ষায় টিবি (যক্ষ্মা) সনাক্ত হওয়ায় তার আর বেঁচে থাকার আশা রইল না। যাদবপুর টিবি হাসপাতালে একুশ বছর পূর্ণ হওয়ার আগেই ১৯৪৭ সনের ১২ মে এই কিশোর কবির জীবন-প্রদীপ নিভে যায়। জীবনপ্রদীপ নিভে গেলেও তার প্রতিবাদ ও প্রতিরোধের কাব্যভাষা এখনো নিভে যায়নি। এখনো তরুণ সমাজ সুকান্তের কবিতা পড়ে আলোর দিশা খুঁজে পায়; এখনো তরুণরা কবিতার মধ্য দিয়ে তাদের পথ ও পাথেয় ঠিক করে। তাই তরুণ সমাজের হাত ধরেই এই দেশে জুলাই নেমে আসে। এমনকি প্রতিবেশী দেশের তরুণরাও উদীপ্ত হয়ে ওঠে। সুকান্তের কাব্যের প্রাসঙ্গিকতা স্মরণ করেই আজকের এই ছোট্ট আয়োজন।

ড. মোহাম্মদ আব্দুর রউফ
সহযোগী অধ্যাপক
বাংলা বিভাগ
পাবনা সরকারি মহিলা কলেজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *